শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
বুধবার (৬ জুলাই) মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে এ অর্থ তুলে দেন তিনি।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের মধ্যে ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান আইজিপি ড. বেনজীর আহমেদ। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ ৫টি বন্যাকবলিত উপজেলার বানভাসিদের জন্য এ অর্থ প্রদান করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে পুলিশ সদরদপ্তরে আয়োজিত অপরাধ সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বানভাসিদের জন্য এ অর্থ প্রদান করেন।