বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি ঘরমুখো মানুষ

ঈদের ছুটিতে বাড়ি ছুটছেন মানুষ। আর পথচলতি এসব মানুষকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল।

গতকাল বৃহস্পতিবারও বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুব খুশি ঘরমুখো মানুষ। এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

হাইওয়ে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও ঘরমুখো মানুষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে চলাচল করেন উত্তরবঙ্গের প্রায় ২৪টি জেলার হাজার হাজার যানবাহন, লাখ লাখ মানুষ। বছরের দুটি ঈদসহ বিভিন্ন সরকারি ছুটিতে এই চন্দ্রা ত্রিমোড়ে প্রচুর লোকের সমাগম ঘটে। অনেক সময় প্রচ- গরম ও শীতসহ বিভিন্ন প্রতিকূলতার মুখে অসুস্থ হয়ে পড়েন তাদের অনেকেই।

এবার ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার সফিপুর খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল ও সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশ। খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ার ওই থানা পুলিশের সহায়তা নিয়ে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিনামূল্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম চালাচ্ছেন। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানবিক সেবার লক্ষ্যে তার হাসপাতালের পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গত বুধবার থেকে এ চিকিৎসাসেবা প্রদান করছেন। ঈদের আগের দিন পর্যন্ত তাদের এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। এ সেবার মধ্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকার ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি ঘরমুখো মানুষ।

খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ার বলেন, মানবিক সেবার লক্ষ্যে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে এ চিকিৎসাসেবা পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন বলেন, তাদের বিনামূল্যে চিকিৎসাসেবার কারণে অনেক অসুস্থ ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।