২৬ বছরের পুরোনো মামলায় বলিউড তারকার দুই বছরের জেল

সরকারি কর্মকর্তাকে অপমান ও শারীরিক নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অপরাধে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন কংগ্রেসের তিনবারের লোকসভার সংসদ সদস্য ও বলিউড অভিনেতা রাজ বব্বর।

হিন্দুস্তান টাইমস জানায়, ২৬ বছরের পুরোনো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এ অভিনেতা তথা কংগ্রেস নেতা।

১৯৯৬ সালে লোকসভা নির্বাচন চলাকালে একজন সরকারি কর্মকর্তাকে নিগ্রহের মামলায় এ রায় হয়। বৃহস্পতিবার লখনউ-এর বিশেষ আদালত (এমপি-এমএলএ) এই দণ্ড ঘোষণা করে।

শুধু কারাদণ্ডই নয়, সাড়ে ৬ হাজার রুপি জরিমানাও দিতে হবে রাজ বব্বরকে।

১৯৯৬ সালে পোলিং অফিসার কৃষ্ণা সিং রানার অভিযোগের ভিত্তিতে এই মামলা দাখিল হয়েছিল।

ওই সময় সমাজবাদী পার্টিতে ছিলেন রাজ বব্বর। লখনউ থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। পোলিং অফিসার রানার অভিযোগ ছিল, বব্বর, অরবিন্দ যাদব ও দলের অনান্য লোকজন সুলতান-ই-মাদারিস স্কুলের ১৯২ নম্বর বুথে জোর করে ঢুকে যান এবং কাজে বাধা দেন। শুধু তাই নয়, দায়িত্বে থাকা পোলিং অফিসারকে নিগ্রহ করেন।

রানা তার অভিযোগে আরও বলেন, বব্বর তাকে এবং ভোটকর্মী শিব কুমার সিং-এর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির ভুয়ো অভিযোগ আনেন। পোলিং এজেন্টের নাক ও গলায় এবং ঠোঁটে আঘাত করেন বব্বর ও তার দলবল।

এই মামলায় তদন্ত শুরু করেছিল ওয়াজিরগঞ্জ থানার পুলিশ, ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর বব্বরের নামে চার্জশিট পেশ করা হয়। ওই সময় বারবার আদালতের সমনে সাড়া না দেওয়ায় রাজ বব্বরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।

রায়দানের পর রাজ বব্বর জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে তার আবছা মনে রয়েছে। ভোট চলাকালে কারচুপির অভিযোগ পেয়ে তিনি ওই বুথে গিয়েছিলেন। তবে পোলিং অফিসারকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

রায়ের পর অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ বব্বর। শিগগিরই এ রায়কে চ্যালেঞ্জ জানাতে দায়রা আদালতে যাবেন তিনি।