ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনকে বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এক বিবৃতিতে নেতারা বলেন, দেশে এখন চলছে আওয়ামী বর্বর শাসন। সাধারণ মানুষসহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুবই অসুস্থ, তাকে পবিত্র ঈদুল আজহার আগে গ্রেপ্তার বর্তমান সরকারের নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত।
তারা আরও বলেন, মোহাম্মদ মোহন আন্দোলন-সংগ্রামের একজন নির্ভীক সৈনিক। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ঈদের প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।