ঈদে বঙ্গ’তে মাবরুর রশীদ বান্নাহর ‘সিঙ্গেল সিন স্টোরি’

ঈদে বঙ্গ নিয়ে আসছে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর এক্সপেরিমেন্টাল প্রজেক্ট  ‘সিঙ্গেল সিন স্টোরি’। একটি দৃশ্যে একটি গল্প- এভাবে ১৪ টি ভিন্ন ধারার শর্ট ফিল্ম নিয়ে গড়ে উঠেছে এই প্রোজেক্ট। সাইন্সফিকশন, এন্থলজি, হরর, ফ্যান্টাসি, রোমান্স, ফ্যামিলি-সোশ্যাল- ইমোশনাল- ইয়ুথ ড্রামা, ডার্ক ড্রামা, থ্রিলার, সহ বিভিন্ন জনরায় এক্সপেরিমেন্ট করেছেন পরিচালক।

এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে ক্ষুদ্র একটি গ্রহ পৃথিবী। তার অধিবাসী মানুষরা কোন শর্তে কোন যুক্তিতে নিজেদের দাবী করে সৃষ্টির সেরা জীব? তার তদন্ত করতে ও পৃথিবী থেকে নমুনা সংগ্রহ করতে এসে বাংলাদেশে পৌঁছায় ভিনগ্রহের দুই অধিবাসী। কিন্তু কিভাবে বাংলাদেশের অধিবাসীরা চমকে দেয় তাদের! জানতে হলে দেখতে হবে ইরফান সাজ্জাদ ও আরশ খান অভিনীত সায়েন্স ফিকশন জনরার শর্ট ফিল্ম ‘ইনকামার’।

কেমন হবে সেই পৃথিবী যেখানে মানুষ চাইলেই মরতে পারবেনা। তাদের আবেগ অনুভূতি স্মৃতি সংরক্ষিত হবে কৃত্রিম ডিভাইসে? বৃদ্ধ প্রেমিকের অসম প্রেম চলবে সুন্দরী তরুণীর সাথে। কেমন হবে সেই পৃথিবী? জানতে হলে দেখুন আব্দুন নূর সজল ও অনামিকা ঐশী অভিনীত সায়েন্স ফিকশন জনরার শর্ট ফিল্ম, ‘পোস্ট মেরিডিয়ান এরা’। 

আজকের শিশু আগামীর প্রতিচ্ছবি। কিন্তু তার সামনে আমরা কি ধরনের আচরণ করছি? কেমন হবে যদি নিজের সন্তান তার অভিভাবককে, তার মা’কে খেলার ছলে দেখিয়ে দেয় তার ভবিষ্যৎ! এটি একটি মা, তার সন্তান ও এক দাদুর গল্প। এই গল্পটি হয়তো সমাজের আড়ালে বেড়ে উঠা দীর্ঘশ্বাসের গল্প। গল্পটি জানতে দেখুন ফখরুল বাশার মাসুম, মুনতাহা অ্যামেলিয়া ও সেমন্তী সৌমি অভিনীত সোশ্যাল ড্রামা জনরার শর্ট ফিল্ম, ‘টয়’।

অলৌকিক ক্ষমতার অধিকারী এক বাচ্চা। তার ইশারায় ফ্যান ঘুরে, ব্ল্যাকবোর্ডে সবার অজান্তে চলে লেখা। কিন্তু তবুর তার ক্লাসমেটরা কিভাবে সাহস পায় বাচ্চা ছেলেটিকে নিয়ে মজা করবার? কেন তাদের উপর নিজের সুপার পাওয়ার খাটায় না বাচ্চাটি? সেই রহস্য জানতে হলে দেখতে হবে আজান অভিনীত সায়েন্স ফিকশন- ফ্যান্টাসি জনরার শর্ট ফিল্ম, ‘সুপার হিরো’।

অভিনয় যদি বাস্তবে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়? ভালোবেসে প্রিয় স্বামীর মুখে খাবার তুলে দিচ্ছে স্ত্রী। আবার কিছুক্ষণ পরেই বদলে যায় দৃশ্যপট। অনৈতিক সম্পর্কের জেরে হাঁট পা বাঁধা স্বামী ক্ষমা ভিক্ষা করছে স্ত্রীর। কি ঘটেছিলো আসলে। কিভাবেই বা মৃত্যুর কোলে ঢলে পড়লো স্বামী। অভিনয় কিভাবে ধরা পড়ে বাস্তবতার নির্মম জালে। ঠিক কি ঘটে জানতে দেখুন নিপুণ আহমেদ ও সামিরা খান মাহি অভিনীত ডার্ক থ্রিলার ‘হি ইজ নো মোর’।

রাতপরী মিলির ও দিহানের এক রাতের প্রেম কি পাবে ভালোবাসায় পূর্ণতা? জানতে দেখুন অনিন্দিতা মিমি ও আরশ খান অভিনীত রোম্যান্টিক জনরার শর্ট ফিল্ম, ‘লাভ রুম’।  

অনলাইনে পরিচয় অতঃপর প্রেম এমনটাই ঘটেছিলো হিমেল ও জেবার জীবনে। কিন্তু হিমেল যেদিন প্রথম জেবার সাথে দেখে করতে গেল অপরাধী পরিচয়ে গ্রেপ্তার হতে হলো। সত্যিকারের ভালোবাসাই কি হিমেলের জীবনে কাল হয়ে এলো? নাকি আড়ালে লুকিয়ে আছে গোপন কোন কালো অধ্যায়?   জানতে দেখুন আরশ খান ও সামিরা খান মাহি অভিনীত রোমান্স- থ্রিলার জনরার শর্ট ফিল্ম ‘ফার্স্ট ডেট’।’

গল্পটি সানজিদার। অন্য অনেকের মতোই স্বপ্ন নিয়ে সংসার শুরু হয়েছিলো সানজিদার। আজ তার সুন্দর চেহারা মারের আঘাতে ক্ষত - বিক্ষত। ঘরের আড়ালে ভয়ে শোকে কাঁদছে সানজিদা। আর বাইরে থেকে দরজায় চলছে জোর ধাক্কা। কিন্তু সিলিং ফ্যানে ঝুলছে ওটা কার লাশ? জানতে দেখুন কে এম শরীফ সিরাজ ও সেমন্তী সৌমি অভিনীত ডার্ক- ড্রামা শর্ট ফিল্ম ‘সেপুক্ক ।

কি নিয়ে তর্ক চলছে জিসান ও জুথির? কে কাকে ফেলে হারিয়ে গেল মৃত্যু সীমানায়? জানতে দেখুন সাব্বির অর্ণব ও অনামিকা ঐশী অভিনীত সোশ্যাল ড্রামা জনরার শর্ট ফিল্ম ‘ডিপ্রেশন’।

একা রুমে বজলুর সাহেব করছেন কার বার্থডে সেলেব্রেশন? জানতে দেখুন আরশ খান অভিনীত ইমোশনাল শর্ট ফিল্ম ‘হ্যাপি বার্থডে টু মি’।

মতিন আবির  কে বলছে তার গার্ল ফ্রেন্ডের সাথে ডেট করতে গিয়ে কিভাবে তার ভাই চলে আসে সেই ঘটনা। আবির শুনছে ও একই সাথে ভাবছে কিভাবে মতিন পারে সেমিস্টার ফির টাকা খরচ করে ডেটে যেতে। এদিকে মতিনের ফোনে আসতে থাকে কারো ফোন। কার ফোন ধরতে চাইছে না মতিন। কি বলেছিলো আবির মতিন কে? জানতে দেখুন আরশ খান ও রাশেদ এমরান এর ইয়ুথ ড্রামা  ‘ফাদার’।

সেই চিরাচরিত নিয়মে চলছে পাত্রী দেখার পরীক্ষা। ছেলে পক্ষ পরীক্ষা নিচ্ছে তামান্নার। হাঁটা, হাতের লেখা, চুল কত সে কত না আচার-বিচার। শেষে ছেলেপক্ষ তামান্নাকে পাশ মার্ক দিলো। কিন্তু একি করলো তামান্নার বাবা? কেনই বা ছেলেপক্ষ হঠাত রেগে গেলো? জানতে দেখুন ফখ্রুল ইসলাম মাসুম ও অনিন্দিতা মিমি অভিনীত ফ্যামিলি ড্রামা জনরার শর্ট ফিল্ম ‘ অ্যাংরি ওল্ড ম্যান’।  

মর্গে চলছে কি ধরনের অনৈতিক খেলা? ডোম ও ডাক্তারের মধ্যে ঘটে চলা এক বিভীষিকার গল্প জানতে দেখুন আব্দুন নূর সজল, নিপুণ আহমেদ অভিনীত হরর শর্ট ফিল্ম ‘মর্গ’।

গভীর রাতে ভার্চুয়াল জগতে রতি ক্রিয়ার সুখ নিতে নাহিদ খুলে বসেছে ল্যাপটপ। কিন্তু তারপর যা ঘটলো তা কি কষ্ট কল্পনা না ভয়াবহ বাস্তব? জানতে হলে দেখুন সাব্বির অর্ণব ও অনামিকা ঐশী অভিনীত হরর থ্রিলার ‘এভিল ডিকশন’।