নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার (২৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো মামলার ১০নং এজাহারভুক্ত আসামি উপজেলার মধুপুর গ্রামের সামু ডাক্তার বাড়ির মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও ১১নং এজাহারভুক্ত আসামি উপজেলার মহবুল্যাপুর গ্রামের চৌধুরী পুতের বাড়ির আবদুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)।
পুলিশ জানায়, হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। নিহত হাসিবুল বাশার উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ইউনুস মৌলবির বাড়ির মৃত আবুল বাশারের ছেলে।
নোয়াখালীর (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নিহতের চাচা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাসিবুল বাশারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দলীয় কোন্দলের কারণে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগকর্মী হাসান, মাসুমসহ সাত-আটজন হাসিবকে ছুরি দিয়ে মাথায় ও গলায় আঘাত করে।