মোটরসাইকেলে ঈদযাত্রা প্রাণ গেল দুই ভাইয়ের

ঈদ উপলক্ষে ঢাকা থেকে মোটরসাইকেলে নাটোর যাচ্ছিলেন দুই চাচাতো ভাই আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। পথে টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ঢুকে যায় মোটরসাইকেল। এতে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হন। আরিফুরকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম এরিস্টোফার্মা ওষুধ কোম্পানি ও হাফিজুর রহমান প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একই গন্তব্যের একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন বলেন, তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলার (পাগলু) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার খালিশাপুরি পোস্ট অফিস এলাকার খলিলুর রহমান খলিল (৬০) ও বালিয়ার পারভেজ (৩০)। আহতরা হলেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আক্তার হোসেন (৩৫), মো. সুপিয়ার রহমান (৪০), আজিজুর ইসলাম (৪৫) ও হাসিনা  বেগম (৪০)।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী থ্রি-হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে খলিলুর রহমান খলিল ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। আহত অপর চার যাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।