গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগদান করেছেন আব্দুর রউফ তালুকদার। মঙ্গলবার সকালে তিনি কার্যালয়ে যোগ দেন।

সদ্য সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হলেন আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা ৫৭ মিনিটে আব্দুর রউফ তালুকদার নতুন কর্মস্থলে পৌঁছান। এ সময় ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত ১১ জুন অর্থসচিব আব্দুর রউফকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপণে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ১০(৩) এবং ১০(৫) অনুযায়ী অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।’

আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তবে পাবলিক ফাইন্যান্স এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিশেষত্বের কারণে তার কর্মজীবনের বেশির ভাগ সময়ই কেটেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। তিনি ছিলেন অর্থ সচিব ।

২০১৮ সালের ১৮ জুলাই অর্থসচিবের দায়িত্ব নেওয়ার আগে অর্থ বিভাগে ১৮ বছরেরও বেশি সময় কাজ করেছেন আব্দুর রউফ। তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হাইকমিশনে কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন।