সেনাসদস্যদের সঙ্গে ঈদ আনন্দ সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহার দিন দুর্গম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আর্মি ক্যাম্পে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। এ সময় তিনি রাঙ্গামাটি জেলার পাংখুপাড়া আর্মি ক্যাম্প, বাঘাইহাট জোন সদর দপ্তর ও খাগড়াছড়ির দীঘিনালা জোন সদর দপ্তর পরিদর্শন করেন। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে তিনি এসব ক্যাম্পে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সামগ্রিক খোঁজখবর নেন। এছাড়া তাদের হাতে তুলে দেন ঈদ উপহার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এসব তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান রাঙ্গামাটির বাঘাইহাট জোন সদর দপ্তরে বলেন, ‘দুর্গম পাহাড়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। তাদের মনোবল বৃদ্ধি করতে ঈদের দিনে তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি।’ এ সময় তিনি পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আত্মনিয়োগ করতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী যা যা প্রয়োজন সব করবে।’