মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

অভিবাসন কর্মকর্তারা বলেছেন, গোতাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করে।

গত মার্চ থেকে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢোকে। এদিন রাতেই পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী বুধবার তার পদত্যাগের কথা। এর আগে তিনি দেশ ছাড়লেন।

পদত্যাগের আগেই গত সোমবার রাতে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দেন। পরে তিনি নৌপথে পালানোর চেষ্টা করেন। গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও এদিন পালানোর চেষ্টা করেন।