কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মারুফ উল-আলম পিয়াস (৩০) ও তার শ্যালক সজিব (২৩)।
নিহত মারুফ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে এবং সজিব মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে।
পুলিশ ও নিহত সজিবের চাচা মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেলযোগে আল্লারদর্গায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জনই গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন রয়েছেন।
ভেড়ামারা থানার ওসি মো. মজিবর রহমান সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াসের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।