নেতিবাচক মন্তব্য মানতে পারছেন না বর্ষা, কান্নার ভিডিও ‘ভাইরাল’

অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। সেই সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য মানতে পারছেন নায়িকা, ক্যামেরার সামনেই কেঁদে দিলেন। বললেন, এভাবে চললে তার পরের ছবিটি মুক্তি নাও পেতে পারে। সেই কান্নার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

১০০ কোটি টাকা বাজেট দাবি করে আলোচনায় আছে ‘দিন দ্য ডে’। দর্শকও প্রেক্ষাগৃহে সেই দাবির সত্যতা খুঁজতে চেয়েছে। তবে বাজেট ছাড়াও গল্প, ভিএফএক্স, সংলাপ প্রভৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটির প্রচারে রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে যান বর্ষা। এই সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সমালোচনা প্রসঙ্গে আসতেই আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে জানান, এটিই হতে পারে তার ও অনন্ত জলিলের শেষ সিনেমা।

বর্ষা বলেন, “অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তারা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে! ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে, ছোট করার চেষ্টা করে গায়ের জোরে। আর কিছু বলতে চাই না।”

তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক কথা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন বর্ষা। এই চিত্রনায়িকার অভিযোগ, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না?’

‘দিন দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।