শন কনারি থেকে রজার মুর, পিয়ার্স ব্রসনান থেকে ড্যানিয়েল ক্রেগ, গত ৬০ বছর বারবার পাল্টেছে জেমস বন্ড চরিত্রের অভিনেতা। কিন্তু পাল্টায়নি থিম মিউজিক। ৯৪ বছর বয়সে মৃত্যু হলো সেই মিউজিকের রূপকার মন্টি নরম্যানের।
বার্ধক্যজনিত কারণেই ১১ জুলাই মৃত্যু হয়েছে সংগীত পরিচালকের।
জেমস বন্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দুঃখপ্রকাশ করে লেখা হয়েছে, ‘আজ মন্টি নরম্যানের জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্বের সেরা সিক্রেট এজেন্টের সিনেমাটিক এন্ট্রান্সকে সহযোগিতা করা মিউজিকের রচয়িতা মন্টি। তার অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ।’
বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’তে (১৯৬২ সাল) প্রথম শোনা যায় মন্টির করা চিত্তাকর্ষক থিম মিউজিক। ওই ছবিতে বন্ডের চরিত্রে ছিলেন শন কনারি। ছবির প্রযোজক কাবি ব্রকোলির সঙ্গে আগেও কাজ করেছিলেন মন্টি। সেই আলাপের সূত্রেই বন্ডের থিম মিউজিক বানানোর প্রস্তাব পান।
মন্টির রাজি হওয়ার কারণ ছবির নির্মাতারা তাকে জামাইকা ট্রিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানেই হয়েছিল ‘ডক্টর নো’র শুটিং। মন্টির সঙ্গে সেই ট্রিপে যান তার তৎকালীন স্ত্রী তথা গায়িকা ডায়ানা কুপল্যান্ড।
‘জেমস বন্ড’ সিরিজ ছাড়াও একাধিক সিনেমার জন্য মিউজিক করেছেন মন্টি। এর মধ্যে রয়েছে দ্য টু ফেসেস অব ড. জেকিল, দ্য ডে দ্য আর্থ কট ফায়ার ও কল মি ওয়ানা। এ ছাড়া সংগীতধর্মী মঞ্চ নাটক ও মিনি সিরিজে কাজ করেছেন। পেয়েছেন একাধিক পুরস্কার।
মন্টি নরম্যান ‘আ ওয়াকিং স্টিক ফুল বাগিলস’ নামের একটি আত্মজীবনী লিখলেও এখনও সেটি প্রকাশ হয়নি।