শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মাদক সমস্যা সমাজে ক্যানসারের মতো হয়ে উঠেছে। এটি প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিরো টলারেন্স নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। রাজনৈতিক দলের মধ্যে সুযোগ সন্ধানী মাদক ব্যবসায়ীরা যেন অনুপ্রবেশ করতে না পরে সেদিকে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল বুধবার সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, কেএমপির উপকমিশনার সোনালী সেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল গত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।