সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে তার স্ত্রী এবং দুই দেহরক্ষীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

ডেইলি মিরর জানিয়েছে, কিছুক্ষণ আগে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন। এর আগে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ নিরাপত্তকর্মীরা তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানে তুলে দেয়।

এদিকে বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়ার পদত্যাগের কথা থাকলেও এখনো তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুর পৌঁছার পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন।

গত মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে সামরিক একটি বিমানে তিনি মালদ্বীপে পালিয়ে যান। এর আগে তিনি গত সোমবারও আকাশ ও সমুদ্র পথে দেশ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। মালদ্বীপে পৌঁছালে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কান এবং স্থানীয়রা তাকে আশ্রয় দেওয়ায় বিক্ষোভ করে।

অবশ্য তৃতীয় একটি দেশে যেতেই তিনি প্রথমে মালদ্বীপে গিয়েছিলেন। পরে শোনা যায় বুধবার রাতে তিনি সিঙ্গাপুরের একটি ফ্লাইট ধরবেন। পরবর্তীতে সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে নিরাপত্তাজনিত কারণে তিনি উঠেননি। পরে মালদ্বীপ কর্তৃপক্ষকে সিঙ্গাপুর যেতে একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি।

শ্রীলঙ্কা সরকারের একটি সূত্র জানিয়েছে, মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার পর গোতাবায়া তার পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠিয়ে দিতে পারেন।

দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাক্ষে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া।