কুড়িগ্রামে অটোচালক হত্যায় জড়িত দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৬ জুলাই ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার হতে নাগেশ্বরী যাওয়ার কথা বলে নিহত আব্দুর রাজ্জাকের অটোরিকশা ভাড়া করে দুষ্কৃতকারীরা। পরে ৭ জুলাই বিকেলে ফুলবাড়ী উপজেলার রাবাইতারী এলাকায় আক্কাছ আলীর পাটক্ষেত থেকে অটো চালক আব্দুর রাজ্জাকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িত মমিনুল ইসলাম মিজান ও আব্দুর রশিদ রোকন নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের দেয়া তথ্যমতে নাগেশ্বরী উপজেলার ফকিরপাড়ার হামিদুলের বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।