কুড়িগ্রামের চিলমারীতে শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার বিকেলে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী।
অভিযুক্ত রিয়াজুল ইসলাম (৩৫) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মজারটারী গ্রামের গোলজার হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ফজরের নামাজ শেষে ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় ছেলেসহ নদীর পাড়ে জমি দেখতে যান। এই সুযোগে রিয়াজুল ইসলাম ওই গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ঘরে থাকা ওই গৃহবধূর ছেলেমেয়ে বুঝতে পারলে একপর্যায়ে গৃহবধূ ও তার ছেলেমেয়েদের বেধড়ক মারধর করেন ওই ব্যক্তি। এ ঘটনা ধামাচাপা দিতে ওই প্রতিবন্ধী গৃহবধূকে অভিযুক্ত রিয়াজুলের বড় ভাই সোলায়মান ‘দা’ দিয়ে কোপ দেয়।
এরপরও মুখ খুলতে চাইলে রিয়াজুলের অপর এক ভাই লুৎফর রহমান লোহার রোড দিয়ে বেধড়ক মারধর করেন। এতে শ্রবণ প্রতিবন্ধী ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীরা হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি ভিকটিম খুবই অসুস্থ থাকায় চিকিৎসার জন্য দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছি, ভিকটিমকে আইনি সহায়তা দেয়ার জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে।
চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।