রাশিয়ার মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ইউক্রেন। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া ও সিরিয়ার পর উত্তর কোরিয়া তৃতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে। সামাজিকমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন বলেন, ‘গতকাল বুধবার দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। বৈশ্বিক পরিসরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয় অস্তিত্ব আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়।’ এদিকে এই স্বীকৃতির মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্বকে অবমূল্যায়ন করা হয়েছে, এই মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।