পবিত্র হজ পালন শেষে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি৩৫০২ এর মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৬ হাজি।
ফ্লাইটটি বৃহস্পতিবার (১৪ জুলাই) জেদ্দার কিং আব্দুলআজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২:১৫টায় যাত্রা করে ঢাকার স্থানীয় সময় রাত ১০:২৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমানের পরিচালক গ্রাহক সেবা, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান, শাহজালাল
বিমানবন্দরের পরিচালকসহ বিমানের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে সম্মানিত হাজিগদের জমজমের পানি সরবরাহ করা হয়।
সুষ্ঠুভাবে পবিত্র ভূমিতে গমন ও পবিত্র হজ পালন সম্পন্নের পর নিরাপদে দেশে ফিরে সম্মানিত হাজিরা বিমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। এ বছর বিমানসহ সৌদিয়া ও ফ্লাইনাস-এর মাধ্যমে দেশে আগত হাজিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হবে।
উল্লেখ্য, বিমান লিজ ব্যাতীত নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করছে।
গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিমান প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। পোস্ট হজে বিমানের সর্বমোট ৮০টি ফ্লাইটের শিডিউল রয়েছে। উক্ত শিডিউল অনুযায়ী আগামী ৬ আগস্ট বিমানের পোস্ট হজ ফ্লাইট সমাপ্ত হবে।