ললিত মোদীর সঙ্গে ঘর বাঁধতে চলেছেন সুস্মিতা সেন?

আইপিএল টুর্নামেন্টের বিতর্কিত কমিশনার ললিত মোদী কি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে বিয়ে করছেন? আপাতত এই খবরেই মাতোয়ারা সুস্মিতার ভক্তরা।

ললিত মোদী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সুস্মিতা সেনের সঙ্গে তাকে দেখতে পাওয়া যাচ্ছে।

টুইটারে নিজেদের ছবি পোস্ট করে ললিত মোদী লিখেছেন, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তন আইপিএল কর্মকর্তা ললিত মোদীর টুইটারে পোস্ট করা একের পর ছবি ‘মাথা ঘুরিয়ে’ দিয়েছে সকলের।

তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। চাঁদে রয়েছি।’

আইপিএল ২০০৮ সালে শুরু হয়। সেই প্রতিযোগিতার স্রষ্টা ছিলেন ললিত। টি২০ ক্রিকেট যে আগামী দিনে ভারতে জনপ্রিয় হতে চলেছে, তা তিনি আগেই বুঝতে পেরেছিলেন বলে সংশ্লিষ্ট মহলের অনেকেই মানেন। পরে সেই আইপিএল নিয়েই টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। তদন্তের মাঝেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। সেই থেকেই লন্ডনে বাস।

অন্যদিকে, ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর শিরোপা পান সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ দিয়ে ছবির জগতে হাতেখড়ি। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘ম্যায় হু না’-র মতো ছবিতে অভিনয় করেন। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজে দেখা গিয়েছিল সুস্মিতাকে।

২০০০ সালে কন্যা সন্তান দত্তক নেন। নাম দেন রেনে। ২০১০ সালে সুস্মিতার পরিবারে আসে দ্বিতীয় কন্যাসন্তান। নাম আলিশা। সম্প্রতি ছোট ছবি দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে।

কয়েক দিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে কয়েক বার তার বিয়ে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন।

তিনি জানিয়েছিলেন, ওগুলোই তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। সেই সুস্মিতাকে নিয়ে তার কয়েক দিনের মধ্যেই ললিত যে ঘোষণা করলেন, তাতে বোঝা গেল, সুস্মিতা হয়তো আরও এক ‘সিদ্ধান্ত’ নিয়েছেন।

তবে এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে সুস্মিতা কিছুই বলেননি।