শনিবার পাঁচ চ্যানেলে ‘মায়া’

একসঙ্গে পাঁচ চ্যানেলে প্রচার হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’। লেলিন ইসলামের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের গল্প লিখেছেন নির্মাতা অনিমেষ আইচ ও রাজীব আশরাফ আর চিত্রনাট্য শাওন কৈরীর। সম্পাদনা করেছেন শামসুল আরেফিন সাদি।

ঈদুল আজহাকে সামনে রেখে একটি উচ্চবিত্ত নারীর নানান সংকট নিয়ে ফিকশন বানানোর কথা ভাবছিলেন লেলিন ইসলাম; কিন্তু শেষে একদম বিপরীত পটভূমিতে তৈরি হয় ‘মায়া’।

গল্প প্রসঙ্গে বলছিলেন, ‘গ্রামীণ এক পরিবারের মা-ছেলের তাদের গৃহপালিত পশুর প্রতি যে আবেগ-অনুভূতি; সেই গল্প নিয়েই মায়া চলচ্চিত্রটি বানানো।’

ঈদের সপ্তম দিন শনিবার (১৬ জুলাই) ‘মায়া’ প্রচারিত হবে দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিটে, একুশে টিভিতে দুপুর একটায়, চ্যানেল নাইনে বিকেল ৪টায়, দেশ টিভিতে সন্ধ্যা ৬ টায় এবং এশিয়ান টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায়।

১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রোডিউসার অনিমেষ আইচ, প্রযোজক শাহরিয়ার শাকিল, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।