পানাম সিটি ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের মদনপুরে বাস ধাক্কায় প্রাইভেটকারে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নিহত হয়েছেন। তারা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাহিমা (২০) ও একই প্রতিষ্ঠান থেকে পাস করা রাহাত (২৫)। 

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের নিয়ে নারায়ণগঞ্জের পানাম সিটি দেখার উদ্দেশ্যে বের হয়েছিলেন দুটি প্রাইভেটকার নিয়ে। পথে মদনপুর এলাকায় পৌঁছালে সকাল ১১টার দিকে  যাত্রীবাহী একটি বাস তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় দুদুজনসহ মোট ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্যামলীর ট্রমা ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এদের মধ্যে ঢামেকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ট্রমা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া রাহাতকে মৃত ঘোষণা করা হয়। 

ঘুরতে যাওয়া দলের সঙ্গী আসিফ দেশ রূপান্তরকে জানান, তারা ব্যক্তিগত উদ্যোগে ঢাকা থেকে নারায়ণগঞ্জের পানাম সিটি দেখার জন্য বের হয়েছিলেন। দুটি প্রাইভেটকারে ১০-১২ জন রওনা হয়েছিলেন। এদের মধ্যে রাহাত ও মাহিমার মৃত্যু হয়েছে। রাহাতের লাশ নিয়ে নোয়াখালীর গ্রামের বাড়ি দাফন করা হয়েছে। অন্যদিকে মাহিমার মরদেহ ডেমরায় দাফন করা হয়েছে। আহত আরো চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

তারা হলেন, কাজি (২২), ইব্রাহিম (২৮), সাইফুল (২২) ও  আনান (২৩)। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধুরা দেশ রূপান্তরকে জানান, তাদের অধিকাংশ বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। শুক্রবার  সকালে তারা নারায়ণগঞ্জ পানাম সিটি দেখার জন্য দুটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন। পথে মদনপুরে যাত্রীবাহী একটি বাস তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ছয়জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে বেলা ১টায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুটি গাড়ি নিয়ে তারা ১০-১২ জন পানাম সিটিতে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় মদনপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাদের প্রাইভেটকারকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। ঢামেকে চিকিৎসাধীন আহতদের সবাই  আশঙ্কামুক্ত।  

স্বজনরা জানান, মাহিমা পরিবারের সাথে ডেমরা সারুলিয়ায় থাকতেন। তার বাবার নাম মাহফুজ। 

তবে রাহাতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।