আরডিসি, এডিসি, ইউএনও, এসিল্যান্ডের উপস্থিতিতে ইউপি সদস্যকে মারধর

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হাতে মার খেলেন সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফ। তবে ঘটনাটি ঘটেছে চট্রগ্রাম বিভাগীয় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) সামনে। 

সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জানান, শুক্রবার বিকালে আরডিসি মং মারমা, এডিসি নাজমুল আহসান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও স্থানীয় চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে এডিসির গাড়ি থেকে নামিয়ে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেন ইয়াসিন নিজে।

ইউপি সদস্য মোহাম্মদ আরিফ বলেন, সন্ত্রাসী ইয়াসিন বাহিনী অতর্কিতে আমার ওপর হামলা চালায়। তারা মারতে মারতে বলতে থাকে এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিক সনদ ও জন্ম সনদ দিতে গড়িমসি করিস। 

তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তাদের সামনে আমাকে মেরে তারা বার্তা দিয়েছে যে, এটা আমাদের এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারবে না।

ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। 

তিনি বলেন, আমাদের গাড়ি বহরের সবার পিছনে ছিল চেয়ারম্যানের গাড়ি। সেই গাড়িতে ইউপি মেম্বার আরিফ ছিলেন। কিছু লোকজন গাড়ি থেকে নামিয়ে নাগরিক সনদের কথা বলে তাকে মারধর করে। পরবর্তীতে আমরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।