চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন (৫০) উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল করিম চেয়ারম্যান বাড়ির পাশের একটি পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে নুর হোসেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। পরে শিশুটি এ ঘটনা তার মাকে জানায়। এরপর শিশুর মা ও চাচা এ ঘটনার প্রতিবাদ জানালে নুর হোসেন দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। পরে শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নুর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।