অপদ্রব্য মেশানো ২ হাজার কেজি চিংড়িসহ আটক ১৮

খুলনায় অপদ্রব্য মেশানো দুই হাজার কেজি চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান। অপদ্রব্য মেশানো চিংড়ি পরিবহনের সঙ্গে জড়িত থাকায় সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিগুলোকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর হরিণটানা থানার কৈয়া বাজার থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা থেকে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে ১৮ ব্যক্তি পাঁচ হাজার কেজি চিংড়ি নিয়ে খুলনায় আসছিল। এর মধ্যে দুই হাজার কেজি চিংড়িতে অপদ্রব্য মেশানো ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মৎস্য অফিস খুলনার কর্মকর্তারা হরিণটানা থানার কৈয়া বাজারে চেকপোস্ট বসিয়ে চিংড়ি ভর্তি দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় অপদ্রব্য মেশানো চিংড়ি বহন করার দায়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানির মনিরুল ইসলামকে ৫০ হাজার, ওয়াহিদুজ্জামান মঞ্জিরকে ৫০ হাজার ও রিপন সানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপদ্রব্য মেশানো দুই হাজার কেজি চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।