গাজীপুরে নৌকা ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামের পাশের বেলাই বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বন্দান গ্রামের জুলমত আলীর স্ত্রী সাফিয়া আক্তার (৬২) ও তার নাতনি বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার মেয়ে সায়মা (৫)।
বাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মঞ্জুর আলী জানান, ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিলেন বসুগাঁও এলাকার বুলবুল মিয়ার স্ত্রী ও মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দান থেকে নানি-নাতনিসহ আরও চারজন একটি ছোট ডিঙ্গি নৌকায় করে গাজীপুর মহানগরীতে বেড়াতে যাচ্ছিলেন। নৌকাটি বেলাই বিল দিয়ে যাওয়ার সময় বিলের মাঝামাঝি এসে ডুবে যায়। এতে নানি সাফিয়া আক্তার ও নাতনি সায়মা পানিতে তলিয়ে যান। অন্য দুজনের চিৎকারে বিলের ধারের বাড়ি ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এসময় নানি সাফিয়া আক্তারের মরদেহও উদ্ধার করা হয়। কিন্তু সায়মাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরিরা তাকে উদ্ধার করতে পারেনি।
অপরদিকে, বাগেরহাটের মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের ভাষ্যমতে, তেলিখালীর দেলোয়ার শেখের ছেলে মো. জীম (৫) ও লাভলু শেখের মেয়ে বৃষ্টি (৪) সকাল থেকে উঠোনে রান্নাবান্নার খেলা করছিল। সম্ভবত একসময় পুকুর থেকে পানি আনতে গিয়ে তারা ডুবে যায়। পরে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে তাকেসহ বৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।