সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, ভাষাসংগ্রামী ও একুশে পদকপ্রাপ্ত কাজী এবাদুল হক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার কিছু পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বেলা আড়াইটায় সুপ্রিম কোর্টে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা জানাজায় অংশ নেন।
১৯৩৬ সালের ১ জানুয়ারি ফেনী জেলার বালিগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কাজী এবাদুল হক। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি লাভের পর ১৯৫৯ সালে ফেনী বারে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ১৯৬৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৮০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে হাইকোর্টে বিচারক হিসেবে যোগ দেন বিচারপতি কাজী এবাদুল হক।
২০১৬ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। আইন সাময়িকী বাংলাদেশ লিগ্যাল ডিসিশনের (বিএলসি) সম্পাদক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।