সরকারি কর্মকর্তাদের সামনে ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুন্ডে সরকারি কর্মকর্তাদের সামনে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার আরিফ মেম্বারের ছোট ভাই আব্দুল আলিম বাদী হয়ে ইয়াসিনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে সরকারি কর্মকর্তাদের সাথে জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন সলিমপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. আরিফ।

সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জানান, শুক্রবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা ও স্থানীয় চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেন ইয়াসিন নিজে।

ইউপি সদস্য মোহাম্মদ আরিফ বলেন, সন্ত্রাসী ইয়াসিন বাহিনী অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তারা মারতে মারতে বলতে থাকে এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিক সনদ ও জন্ম সনদ দিতে গড়িমসি করিস।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সামনে আমাকে মেরে তারা বার্তা দিয়েছে যে, “এটা আমাদের এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারবে না।”

ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, আমাদের গাড়িবহরের সবার পেছনে ছিল চেয়ারম্যানের গাড়ি। সেই গাড়িতে ইউপি মেম্বার আরিফ ছিলেন। কিছু লোকজন গাড়ি থেকে নামিয়ে নাগরিক সনদের কথা বলে তাকে মারধর করে। পরবর্তীতে আমরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।