টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে মামুন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ জুলাই) উপজেলার বহেড়াতৈল নকিল বিলে এ ঘটনা ঘটে।
নিহত মামুন উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভূগলিচালা গ্রামের মো. হাকিম মিয়ার ছেলে এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে অধ্যয়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মামুনসহ ৪-৫ জন বন্ধু মিলে বহেড়াতৈল নকিল বিলে সাঁতার কাটতে নামে। হঠাৎ মামুন ও শাহেদকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ৫ মিনিটের মধ্যেই শাহেদকে উদ্ধার করা হলেও প্রায় ১ ঘণ্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।