দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জুলাই মাসের প্রথম ১৬ দিনে ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬০ জন ডেঙ্গু রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৪ জন ও ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ৬ জন রোগী রয়েছেন।
এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯। অন্যদিকে জুলাই মাসের প্রথম ১৬ দিনে রোগী ভর্তি হয়েছেন ৫৮১ জন। অর্থাৎ দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা ঊর্ধ্বমুখী।
চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৭০ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে।
সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২২০ জন রোগী চিকিৎসাধীন। রাজধানীর ৪৭টি হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন। অন্যদিকে ঢাকার বাইরে চিকিৎসাধীন ৪৪ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে ৩৮ জন রোগী ভর্তি আছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী কক্সবাজার জেলায়। এ জেলায় ৩৩ জন রোগী চিকিৎসাধীন। সাতক্ষীরা, নড়াইল, পটুয়াখালী ও পিরোজপুরে একজন করে রোগী ভর্তি আছেন। মুন্সিগঞ্জ ও ভোলা জেলায় রোগী ভর্তি আছেন দুজন করে। আর তিনজন রোগী ভর্তি আছেন ময়মনসিংহ জেলায়।