এ সময়ের শক্তিশালী অভিনেতা আশিষ খন্দকার ও তরুণ মেধাবী অভিনেত্রী মৌসুমী মৌ। ভিন্নধর্মী এক গল্পে জুটি বেঁধেছেন তারা। অন্যদিকে, এবারের ঈদে নির্মাতা রাকায়েত রাব্বি হাজির হয়েছেন তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জহরে কহরে’ নিয়ে।
দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি মাধ্যম বায়োস্কোপ-এ দেখা যাচ্ছে ফিল্মটি। আলফা-আই এর ব্যানারে নির্মিত ‘গল্পকল্পদ্রুম’ সিরিজে প্রচারে আসা ‘জহরে কহরে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল এবং ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে ছিলেন অনিমেষ আইচ।
সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আশিষ খন্দকার-মৌসুমি মৌ। তারা তাদের অভিনয় পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে দর্শকমহলে বেশ সাড়া ফেলছে। এর গল্প, নির্মাণ, সংলাপ ও অভিনয় প্রশংসা কুড়াচ্ছে অন্তর্জালে।
নির্মাতা রাকায়েত রাব্বি জানান, জহরে কহরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখার পর দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ হঠাৎ রাতে ফোন দিলেন। প্রথম কথাই বললো, এটা কি প্রফেশনালি তোমার ফাস্ট ডিরেকশন? আমি ভাবলাম হয়তো খুব খারাপ কিছু বানিয়েছি! ভয়ে ভয়ে উত্তর দিলাম– হ্যাঁ দাদা। অনিমেষ দাদা বললেন, দারুণ প্রোডাকশন বানিয়েছ। অ্যাক্টিং, লাইট, সেট, ক্যামেরার কাজ, মেকিং স্টাইল সবকিছু মিলে তোমার কাজের একটা সিগনেচার দাঁড়িয়েছে। তোমার শুরুটা ভালো হলো, আশা করি নিয়মিত ভালো কাজ করবে। আমি শুধু নির্বাক হয়ে দাদার কথাগুলো শুনলাম। এছাড়াও চরকি অ্যাপে প্রচারিত ‘সাহস’ওয়েব ফিল্মের ডিরেক্টর সাজ্জাদ খান ইনবক্সে বার্তা পাঠিয়েছে। জহরে কহরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উনার ভালো লেগেছে। উনি অভিনন্দন জানিয়েছে। এবং প্রচুর দর্শক ম্যাসেঞ্জারে, ইনবক্সে বার্তা পাঠিয়েছে, তাদের ভালো লাগার কথা জানিয়েছে।’
‘জহরে কহরে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আশিষ খন্দকার-মৌসুমী মৌ ছাড়া আরও অভিনয় করেছেন সৈয়দা তাসমিম পুঁথি এবং সালমান আহমেদ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ফ্রিতে দেখা যাচ্ছে বাইস্কোপ অ্যাপে।