বিএসএমএমইউতে সেমিনার পাঁচ কারণে বুকে ব্যথা হয়

পাঁচ কারণে বুকে ব্যথা হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা। এক সেমিনারে চিকিৎসকরা বলেছেন, বুকে ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে মারাত্মক সমস্যা থাকতে পারে ১০-১২ শতাংশ। যারা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন তাদের অযথা বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে রোগের উপসর্গ অনুযায়ী পরীক্ষা করে চিকিৎসা করা উচিত। বুকে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যাওয়া উচিত। বুকে আঘাত পেলে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।

গতকাল রবিবার বিএসএমএমইউর এ-ব্লক মিলনায়তনে বুকে ব্যথা নিয়ে এই সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বুকে ব্যথা ডাক্তারদেরও হয়, রোগীরও হয়। বুকে ব্যথা রোগী আসলেই আমরা দেরি করব না। বুকে ব্যথায় নানান কারণ থাকলেও প্রধান পাঁচটি কারণে বুকে ব্যথা হয়ে থাকে। হৃদরোগের কারণে বুকে ব্যথা, ফুসফুস সংক্রমণের জন্য বুকে ব্যথা, ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাল ইনফেকশনের কারণে বুকে ব্যথা, স্ট্রেস বা অস্থিরতার কারণে বুকে ব্যথা ও টেন্ডনের মাংস পেশিতে ব্যথার কারণে বুকে ব্যথা হয়। আমরা কার্ডিয়াকে এক ধরনের ও নন-কার্ডিয়াকে চার ধরনের কারণে বুকে ব্যথা চিহ্নিত করে থাকি।