ওয়াশিংটনে ‘বাংলাদেশ হাউজে’ ঈদ সংবর্ধনা

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার ম্যারিল্যান্ডে অবস্থিত ‘বাংলাদেশ হাউজে’ এক সংবর্ধনার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম এ সংবর্ধনার আয়োজন করে। গতকাল রবিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, মার্কিন সরকার ও স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে তার চমৎকার সময়ের কথা উল্লেখ করেন

রাষ্ট্রদূত সহিদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন।