নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, কখনও চাইবো না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জনপ্রতিনিধিত্বমূলক সরকার হতে হবে। সেখানে নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচন যদি নির্বাচন না হয়, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা কখনও চাইবো না। আপনারাও চাইবেন না।

আজ সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি উল্লেখ করে সিইসি বলেন, একটা বড় দল বলছে, নির্বাচনে অংশ নেবে না। আরেকটি দল বলছে নির্বাচন হবে। এটা অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যাই হোক, রাজনৈতিক পরিমণ্ডলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্যভাবে হোক, সুন্দর সংসদ ও সরকার গঠিত হোক, এটাই আমরা চাই। বিএনপি যেটা দাবি করছে, আলাপ-আলোচনা ও সংগ্রামের মাধ্যমে বিএনপিকে তা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এটির সঙ্গে সংবিধান জড়িত।

সিইসি বলেন, আমাদের কোনও অনুরাগ-বিরাগ নেই। আমাদের একটাই কাজ, ভোটাদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। গ্রামে-গঞ্জে, শহরে ভোটারদের বাধা দেওয়া হলে, সেটি জানতে পারলে আইনগত ব্যবস্থা নিতে আমরা অবশ্যই সচেষ্ট হবো।

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে হয়তো কোনও কারণে সেই ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করতে পারেনি। কিন্তু আমরা সেটি প্রয়োগ করার চেষ্টা করবো।