ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার লোডশেডিংয়ের শিডিউল যেভাবে জানা যাবে

মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কোন এলাকায় কখন লোডশেডিং তা আগেই জানিয়ে দেওয়া হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৈঠকের পর রাজধানীর বিভিন্ন এলাকার লোড শেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। রাজধানী ও আশপাশের যেসব এলাকার লোড শেডিংয়ের সম্ভাব্য তালিকা দেখতে ক্লিক করুন।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান বলেন, ‘এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। গ্রাহকরা ওয়েবসাইটে গেলেই সেখানে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করে তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানতে পারবেন।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের বৈঠকে দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে এ ধরনের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গ্রাহকরা এ তথ্য কীভাবে পাবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইট ও লিংক প্রকাশ করা হবে।’

বৈঠকে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সোমবার থেকে বন্ধ রাখা হবে। এ ছাড়া রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন তিনি।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে এক দিন করে পেট্রল পাম্প বন্ধ রাখা।