বড়াইগ্রামে সংবাদ সম্মেলন

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

বড়াইগ্রামের কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগের নিয়োগ বোর্ড বাতিল করে পুনরায় নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন একজন চাকরিপ্রত্যাশী ভুক্তভোগী ও এলাকাবাসী। তবে যথাযথ প্রক্রিয়া মেনে সঠিকভাবেই নিয়োগ দেওয়া হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

গতকাল সোমবার বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিপ্রত্যাশী মো. দুর্জয় সরকার। এ সময় অন্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মান্নান, সাবেক সদস্য গোলাম মাসুদ, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোনায়েম হোসেন, চান্দাই ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আছের উদ্দিনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে দুর্জয় সরকার বলেন, কিছুদিন আগে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আমি ওই বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী পদে আবেদন করি। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে গত ২৪ মার্চ বিদ্যালয়ের অফিস কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষা হবে মর্মে আমাকে সাক্ষাৎকার পত্র দেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে সেখানে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিসহ কাউকে পাইনি। আমি বেলা ৩টা পর্যন্ত অপেক্ষা করে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। পরে জানতে পারি যে, গোপনে উপজেলার পারগোপালপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিন্টুকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দিয়ে আমাকে চাকরি থেকে কৌশলে বঞ্চিত করা হয়েছে। তাই এ নিয়োগ বাতিলের দাবিতে আমি আদালতে মামলা করেছি।  প্রধান শিক্ষক মো. আকবর হোসেন বলেন, পরীক্ষার দিনে অভিযোগকারী বিদ্যালয়ে এসে কাউকে পায়নি এটা সম্পূর্ণ অসত্য। আমরা সঠিক সময়ে পরীক্ষা নিয়েছি, কিন্তু তিনি একটি পক্ষের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত থেকেছেন। পরে তাদের প্ররোচনায় মামলা করাসহ বিভিন্নভাবে আমাদের বিতর্কিত করার অপচেষ্টা করছেন।