অবকাশ শেষে আগামীকাল বুধবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর মধ্যে ৩০টি দ্বৈত ও ২০টি একক বেঞ্চ।
গতকাল সোমবার প্রধান বিচারপতির নির্দেশনাসংক্রান্ত বেঞ্চগুলোর বিচারপতিদের নাম ও এখতিয়ার উল্লেখ করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।
গত ৩ জুলাই থেকে আজ ১৯ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত অবকাশের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় হাইকোর্টে স্বল্পসংখ্যক বেঞ্চে এবং নির্দিষ্ট দিনে আপিল বিভাগের চেম্বার আদালতে সীমিত পরিসরে বিচারকাজ পরিচালিত হয়েছে। অবকাশ শেষে আগামীকাল থেকে উভয় বিভাগের নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে।