সাভার পরিবহনের একটি বাসে উঠিয়ে কয়েকজন গরুর ব্যাপারীর ১৯ লাখ টাকা ডাকাতির অভিযোগে ওই বাসের চালক নাছির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বাসটিও জব্দসহ তার কাছ থেকে ডাকাতি করা ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাছির হোসেনের বাড়ি কেরানীগঞ্জের আলীপুরে। বর্তমানে সে আশুলিয়ার বাড়ইপাড়ায় ভাড়া থাকে। বাস চালানোর পাশাপাশি সে যাত্রীদের বাসে উঠিয়ে ডাকাতি করে আসছিল।
ডাকাতির শিকার গরুর ব্যাপারীরা হলেন, সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। তাদের সবার বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার রামকৃষ্ণপুর গ্রামে। তারা কোরবানি ঈদকে কেন্দ্র করে গাবতলীর হাটে গরু বিক্রি করতে গিয়েছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই গাবতলী গরুর হাটে ১২টি গরু বিক্রি করে ১৯ লাখ টাকা নিয়ে গ্রামেরবাড়ি মেহেরপুরের গরুর ব্যাপারীরা সাভার পরিবহনের বাসটিতে ওঠেন।