বিএনপির অফিসে আসা অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগত অর্ধশতাধিক নেতা-কর্মীকে বিনা উসকানিতে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি। গ্রেপ্তারকৃতরা সাংগঠনিক কাজে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন বলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা জানান।

মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গাজীপুর থেকে ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন। সেখান থেকে পুলিশ বিনা উসকানিতে অন্তত অর্ধ শতাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে।

তিনি বলেন, আটক নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন- গাজীপুর ছাত্রদলের সহসভাপতি রানা প্রতাপ, ছাত্রদল নেতা বাপ্পি সরকার, আশিস, মেহেদী, শামিম, জুয়েল প্রমুখ। সকাল থেকেই পুলিশ কার্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

নেতা-কর্মীদের আটকের বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, বিক্ষোভ মিছিলের নামে নাশকতার অভিযোগে পল্টন ও এর আশপাশের এলাকা থেকে ১৮ জনকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। আটকদের পরিচয় ও তাদের পূর্ব অপরাধ পর্যালোচনা করা হচ্ছে। যাদের বিরুদ্ধে এর আগে নাশকতা ও হামলা-ভাঙচুরের মামলা রয়েছে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ অভিযোগ করে বলেন, ‘জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাদের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছিল।

তিনি বলেন, সাংগঠনিক কাজে কার্যালয়ে আসা গাজীপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি রানা প্রতাপ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি সরকার, মাওনা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জনিসহ বেশ কিছু নেতা-কর্মীকে পুলিশ বিনা উসকানিতে গ্রেপ্তার করেছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের মধ্যে ১০জনকে শাহজাহানপুর থানায়, ৪জনকে পল্টন থানায় ও ১২জনকে মতিঝিল থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতা–কর্মীরা।

যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না দেশ রূপান্তরকে বলেন, বিক্ষোভ মিছিলটি জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুলে গিয়ে পথসভার মাধ্যমে শেষ করি। মিছিলের পেছন থেকে এবং মিছিল শেষ করে ফেরার পথে পুলিশ আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের হামলার কিছু নেতা-কর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, আটককৃতরা হলেন দিদারুল ইসলাম বাবু, সানাউল্লাহ শুকুর, মো. কামরুল, মো. বাদল, শেখ মো. আলামিন প্রমুখ।