পয়ঃবর্জ্যরে সংযোগ ড্রেনে পেলে ব্যবস্থা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘যেসব ভবন থেকে পয়ঃবর্জ্যরে লাইন সরাসরি সারফেস ড্রেন অথবা খালে দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে সেসব ভবনের একটি তালিকা তৈরি করেছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তালিকা অনুযায়ী গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল দুপুরে রাজধানীর গুলশান-২-এ  নগর ভবনের হল রুমে গুলশান, বাড়িধারা, বনানী ও নিকেতন এলাকার সোসাইটির নেতাদের সঙ্গে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনে খালগুলো হস্তান্তরের পর থেকে আমরা তা উদ্ধারে কাজ করে যাচ্ছি। খালগুলো উদ্ধার করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন বাসা-বাড়ির ও অন্যান্য ভবনের পয়ঃবর্জ্যরে সংযোগ সরাসরি সারফেস ড্রেনে এবং খালে দেওয়া হয়েছে। এর ফলে খালগুলো দূষিত হচ্ছে।’

মেয়র বলেন, ‘আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি, খাল ও ড্রেন পরিষ্কার করছি, কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যরে লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ না হয়ে সেখানে মশার চাষ হচ্ছে। সেটি আর হতে দেওয়া যাবে না। পয়ঃবর্জ্যরে লাইন সারফেস ড্রেন অথবা খালে দেওয়া যাবে না।’