আইইউবিএটির ষষ্ঠ সমাবর্তন

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষার্থীরা খুব ভালো পড়ালেখা করছে। বড় বড় ডিগ্রি অর্জন করছে। কিন্তু আশেপাশের দেশের তুলনায় তারা দক্ষতায় তেমনভাবে এগোতে পারছে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়নে ছোট ছোট কোর্স চালু করতে হবে।’

গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৬ষ্ঠ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সমাবর্তনে প্রায় আড়াই হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৪ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়।

শিক্ষার গুণগত মানই আইইউবিএটির সফলতার মূলমন্ত্র বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আইইউবিএটি কমিউনিটি পর্যায়ে স্বনির্ভরতার একটি পদক্ষেপের আওতায় প্রতিটি গ্রাম থেকে একজন পেশামুখী গ্র্যাজুয়েট তৈরির কর্মসূচি বাস্তবায়ন করছে। এই বিশ্ববিদ্যালয়টিতে অর্থের কারণে ভর্তি নিরুৎসাহিত করা হয় না এবং বাংলাদেশের ৫৩০টি উপজেলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা গ্র্যাজুয়েট আছেন। এটি বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ।’