সাভারে চুরির অপবাদে মনির হোসেন (১৪) নামে এক পথশিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ওই পথশিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে গতকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় পথশিশু মনিরের হাত-পা বেঁধে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত মনির হোসেন সাভার পৌর এলাকার জামসিং নবি মার্কেট মহল্লার ইসমাইলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল ভোররাতে সাভার বাসস্ট্যান্ডে চুরির অপবাদ দিয়ে পথশিশু মনিরের হাত-পা দড়ি দিয়ে বেঁধে মারধর করেন স্থানীয় মার্কেট মালিক নাসিম ইকবাল, ব্যবসায়ী তোফাজ্জল ও ইউনুস। এরপর চুরির স্বীকারোক্তি নিতে দফায় দফায় ওই শিশুর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। বিষয়টি দেখে পথচারীদের কেউ একজন জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে ওই শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় মারধরের সঙ্গে জড়িত অভিযুক্তদেরও ধরে নিয়ে যায় পুলিশ।