চট্টগ্রামে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণ হওয়া ১২ বছরের এক কিশোরীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‌্যাব ১১। এ সময় অপহরণের মূল হোতা মো. সেলিমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তার সেলিম চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব ১১ জানায়, অপহৃত কিশোরী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

অপহরণকারী সেলিম কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে যৌন হয়রানিসহ কু-প্রস্তাব দিতেন।

কিশোরী উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন বুধবার সন্ধ্যার দিকে তাকে অপহরণ করে। পরে কিশোরীর পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহৃত কিশোরীকে ধর্ষণ-হত্যার হুমকি দিতে থাকে।

পরে ওই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরবর্তীতে গোয়েন্দা তথ্যে জানা যায়, অপহরণকারী নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া ছদ্মবেশে আত্মগোপন করে আছেন।

এরই পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যার সময় দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-১১।

গ্রেপ্তার আসামিকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।