রেলের অনিয়মের বিরুদ্ধে প্রতিকার চাইলে উচ্চ আদালত বিষয়টি দেখবে

রেলওয়ের অব্যবস্থাপনা ও অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। গত দুই সপ্তাহ ধরে রেলওয়ের অনিয়ম বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি এ বিষয়ে প্রতিকার চাইলে উচ্চ আদালত বিষয়টি দেখবে বলে জানানো হয়েছে।

রনির অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে দুদকের আইনজীবীকে এ নির্দেশ দেয়।

ওই শিক্ষার্থী রেলওয়ের অব্যস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার চাইলে উচ্চ আদালত বিষয়টি দেখবে বলেও হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার আমাকে উদ্দেশ্য করে বলেছেন- একজন শিক্ষার্থী হাতকড়া পরা অবস্থায় রেলের সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, এটা দুদক জানে কিনা। এরপর আদালত বলেছে, যদি জেনে থাকি, তাহলে দুদকের কোনো ব্যবস্থা আছে কিনা, থাকলে কোর্টে জানাতে বলেছে।

আদালতে এই নির্দেশনার বিষয়টি দুদককে অবহিত করেছেন জানিয়ে খুরশীদ আলম খান বলেন, অফিস (দুদক) এই বিষয়ে তথ্য-উপাত্ত আমাকে জানালে আমি আদালতকে জানিয়ে দেব।

রনির আন্দোলনের বিষয়ে আদালতে বক্তব্য তুলে ধরে এই আইনজীবী বলেন, সেই শিক্ষার্থী যদি হাইকোর্টে আসতে রাজি হয়, তাহলে হাইকোর্টে বিষয়টি দেখবে বলেছে।

রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর টিকেট কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।