আট বছর পর খুলনায় ফুটবল

দীর্ঘ প্রায় আট বছর বন্ধ থাকার পর খুলনার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। আগামী শনিবার থেকে খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ।

খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম গতকাল এ তথ্য জানিয়ে বলেন, ‘খুলনায় দীর্ঘদিন ফুটবল লিগ হয়নি। ক্লাবগুলো অর্থ সংকটের মধ্য দিয়ে চলছে। ফুটবল অ্যাসোসিয়েশনেরও অর্থ নেই। কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগ, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা ও ছোটখাটো প্রতিষ্ঠানের সহযোগিতায় এবারের লীগের আয়োজন করা হয়েছে।’ বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লিগে এবার অংশ নিচ্ছে ১৫টি দল। যার মধ্যে আছে প্রিমিয়ার বিভাগে ৮টি ও প্রথম বিভাগে ৭টি দল। প্রিমিয়ার বিভাগে খেলবে উইনার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মহেশ্বরপাশা ক্লাব, খুলনা আবাহনী ক্রীড়া চক্র, টাউন ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বলাকা স্পোর্টিং ক্লাব ও ইয়ং রেডসান ক্লাব। প্রথম বিভাগে খেলবে উল্কা ক্লাব, মৌসুমি একাদশ, ডুমুরিয়া তরুণ সংঘ, সাবেক খেলোয়াড় সংঘ, এসবি আলি ফুটবল একাডেমি, শেখ কামাল স্মৃতি সংসদ ও দীঘলিয়া ওয়াইএমএ। টুর্নামেন্টে খুলনার বাইরের আটজন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন। তাদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন খেলতে পারবেন। উদ্বোধনী দিনে একটি এবং ২৪ জুলাই থেকে প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল লিগের উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।