পাইলট নিয়োগ নিয়ে মামলা

বিমানের সাবেক এমডির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। ক্যাডেট পাইলট নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং লিখিত-মৌখিক পরীক্ষায় অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন করা হয়। আগামী দুই-এক দিনের মধ্যে এই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

অভিযুক্ত অন্য তিনজন হলেন পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারের (বিএটিসি) অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।

দুদক সচিব সাংবাদিকদের জানান, আসামিরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তিনিই তদন্তের দায়িত্ব পালন করছেন।