টরন্টোর ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় বাংলাদেশের একাধিক ছবি

কানাডার অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু সিনেমা। এর মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী দুই ছবি ও বাংলাদেশ থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অফিশিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’।

আইএফএফএসএ টরন্টোর ওয়েব সাইট থেকে জানা যায়, দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র কেন্দ্রিক এ উৎসব ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। যেখানে বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, গুজরাটিসহ একাধিক ভাষায় নির্মিত ছবি প্রদর্শিত হবে।

দিকে এক ফেসবুক পোস্টে ফারুকী জানান, তার ইংরেজি ভাষায় নির্মিত ‘নো ল্যান্ডস ম্যান’ দিয়ে শুরু হচ্ছে উৎসবটি। পরে দেখানো হবে বহুভাষিক ‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’। উৎসবে ফারুকীর সঙ্গে থাকছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তাদের শিশু সন্তান ইলহাম।

 

ওয়েব সাইট সূত্রে জানা যায়, ১১ আগস্ট স্থানীয় সময় বিকেলে সাড়ে ৬টায় তিনটি ছবি প্রদর্শিত হবে আলাদা আলাদা ভেন্যুতে। এর একটি ‘নো ল্যান্ডস ম্যান’।

উৎসবে বাংলাদেশ থেকে আরও থাকছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। কান উৎসবে অংশ নেওয়া ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

বাংলাদেশ থেকে স্থান পাওয়া অন্য ছবিগুলো হলো দ্য ওয়াল, আতর ও পায়ের তলায় মাটি নাই।