দিনাজপুর সদর উপজেলায় রাহবার পরিবহনের একটি কোচের ধাক্কায় নুরুজ্জামান সরকার (৫৯) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জালিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের উমরপাইল বালুপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সলিম উদ্দীনের ছেলে।
তিনি সদর উপজেলার পাঁচবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।
নিহতের ছোট ভাই আনোয়ারুল ইসলাম সরকার জানান, আজ স্কুলে গিয়ে নুরুজ্জামান সরকারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার কথা ছিল।
প্রতিদিনের মতো তিনি সকালে সাইকেলযোগে স্কুলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জালিয়াপাড়া নামক স্থানে মহাসড়কে ওঠামাত্র দিনাজপুর থেকে ঢাকাগামী রাহবার পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হন।
পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। কোচটি পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।