বিল গেটসকে টপকে বিশ্বের চতু্র্থ ধনী ব্যক্তি গৌতম আদানি

দ্রুত সম্পত্তি বাড়ছে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। সেই সম্পত্তির পরিমাণ ছাপিয়ে গিয়েছে আমেরিকার ধনকুবের বিল গেটসের সম্পত্তিকেও। সম্পত্তির নিরিখে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলেছেন তিনি। বিশ্বের ধনীদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।

ফোবর্স রিয়েল-টাইম কোটিপতিদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় শিল্পপতি। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ২১ হাজার কোটি টাকা (১১৫.৫ বিলিয়ন ডলার)। আর বর্তমানে বিল গেটসের সম্পত্তির পরিমাণ রয়েছে ৮ লাখ ৩০ হাজার কোটি টাকা (১০৪.৬ বিলিয়ন ডলার)।

তালিকায় ১০ নম্বরে রয়েছেন ভারতেরই রিল্য়ায়ান্স জিও-র মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ ৭ লাখ ১৮ হাজার কোটি টাকা (৯০ বিলিয়ন ডলার)।

আর তালিকার শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টুইটারের মালিক হয়ে যেতে যেতেও যিনি পিছিয়ে এলেন। টুইটার বিতর্ক নিয়ে সাম্প্রতিক চর্চায় থাকা এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ জানেন। প্রায় ১৯ লাখ কোটি টাকার (২৩৫.৮ বিলিয়ন ডলার) সম্পত্তি রয়েছে তার নামে। এর মধ্যে ৩ লাখ ৫১ হাজার কোটি টাকায় (৪৪ বিলিয়ন ডলার) টুইটার কিনে নেওয়ার কথা হয়েছিল ইলনের।

এই তালিকার দুই নম্বরে রয়েছেন বার্নার্ড আরনল্ট এবং তার পরিবার। তার মোট সম্পদ হল ১৪৫ বিলিয়ন ডলার। পাশাপাশি, তৃতীয় স্থানে রয়েছেন আমেরিকান ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোসের মোট সম্পদের পরিমান হল ১৩৬ বিলিয়ন ডলার।

এর মধ্য়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ স্থানে উঠে এসেছেন এক ভারতীয় শিল্পপতি। একটি ছোটো ব্যবসাকে বড় কনগ্লোমারেটে পরিণত করার জন্য বিখ্য়াত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বর্তমানে বন্দর, খনি ও গ্রিন এনার্জি ক্ষেত্রে তার ব্যবসা রয়েছে। শিল্পপতি হিসেবে গৌতম আদানির উত্থান চোখে পড়ার মতো। মোটামুটি গত তিন বছরে আদানি সাতটি বিমানবন্দর ও ভারতের এয়ার ট্রাফিকের এক চতুর্থাংশ জায়গায় নিজের প্রভাব বিস্তার করতে পেরেছেন। তার গ্রুপ ভারতের সবথেকে বড় বিমানবন্দরের নিয়ন্ত্রক, শক্তি উৎপাদক।

আদানি জানিয়েছেন যে তিনি, গ্যাডটের সঙ্গে অংশীদারিত্বে ইজরায়েলের একটি বন্দর বেসরকারিকরণের টেন্ডারও পেয়েছেন। ইজরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দরের মধ্যে সর্ববৃহৎ হল এই হাইফা বন্দর।

মাঝে সংবাদ মাধ্যমে একটি খবর ভেসে এসেছিল যে টেলিকম সেক্টরে পা রাখতে চলেছেন গৌতম আদানি। সম্প্রতি জানা গিয়েছে ফাইভ-জি নিলামে অংশগ্রহণের জন্য রিলায়ান্স জিও, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশাপাশি আবেদন জানিয়েছে আদানি ডেটা নেটওয়ার্ক। অর্থাৎ, টেলিকম সংস্থায় পা রাখতে চলেছে আদানি। আগামী ২৬ জুলাই ফাইভ-জি পরিষেবার জন্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডের নিলাম হতে পারে।