এই দিনে

মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্মদিন আজ

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্মদিন আজ। ১৯২৭ সালের ২২ জুলাই তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার খালিশপুরে জন্মগ্রহণ করেন। তিনি মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষলগ্নে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অংশ হিসাবে তিনি অপহৃত ও পরে শহীদ হন।

মোফাজ্জল হায়দার চৌধুরীর বাবার নাম বজলুর রহিম চৌধুরী এবং মা মাহফুজা খাতুন। তার স্কুলজীবন কেটেছে নোয়াখালীর আহমদিয়া হাইস্কুলে। কৃতী ছাত্র হিসেবে বরাবরই তার খ্যাতি ছিল। তিনি জীবনের সব পরীক্ষায় অসাধারণ

কৃতিত্বের পরিচয় দেন। ১৯৪২ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবেশিকা এবং ১৯৪৪ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৪৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা বেতারে পা-ুলিপি রচয়িতা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 

অধ্যাপনার সূচনা ঢাকার জগন্নাথ কলেজে; নটর ডেম কলেজেও তিনি খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৫৮ সালে তিনি ধ্বনিতত্ত্বে গবেষণার জন্য বিলেত যান এবং ফিরে এসে ১৯৭০ সালে তিনি রিডার পদে উন্নীত হন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং পরিশীলিত রুচির অধিকারী। সাহিত্যের পাশাপাশি চিত্রকলায় ছিল তার প্রগাঢ় অনুরাগ। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার প্রতি প্রবল সমবেদনা থাকলেও কোলাহল থেকে দূরে

থাকতেই তিনি পছন্দ করতেন। গবেষণার পাশাপাশি তিনি রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও নাটক। তবে প্রবন্ধ ও সাহিত্য সমালোচনায়ই তার প্রতিভা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। রবীন্দ্রসাহিত্য ও রবীন্দ্র প্রসঙ্গ ছিল তার অধ্যয়ন ও চিন্তাচেতনার প্রধান অংশ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার প্রাক্কালে তিনি নিখোঁজ হন এবং ধারণা করা হয় তাকে হত্যা করা হয়েছে।